আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় নওগাঁ ধামইরহাটের রাবেতা, সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী
Byনজিপুর নিউজ· Author
1 min read

নওগাঁর ধামইরহাট উপজেলার পলাশবাড়ী এলাকার কৃতি সন্তান রাবেতা বিনতে রমজান আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন। সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় ১৫ পারা হিফজ, তাজবিদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছেন তিনি। এবারের প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীরা অংশ নেন।
রাবেতার এই অসাধারণ সাফল্যে গর্বিত ধামইরহাট ও নওগাঁবাসী। ছোটবেলা থেকেই পবিত্র কোরআন হিফজ ও তিলাওয়াতের প্রতি মনোযোগী রাবেতা নিজের মেধা, অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে এই কৃতিত্ব অর্জন করেন।
এদিকে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে সাফল্য অর্জনকারী হাফেজ-হাফেজাদের বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের অভিনন্দন জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের সন্তানরা মেধা ও যোগ্যতা দিয়ে ভালো কিছু অর্জন করলে রাষ্ট্রীয়ভাবে সেই অর্জনের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করা হবে। তিনি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন।
রাবেতা বিনতে রমজানের এই অর্জন শুধু তাঁর পরিবারের নয়, ধামইরহাটসহ পুরো নওগাঁ জেলার জন্যও আনন্দ ও গর্বের বিষয়। তাঁর সাফল্য নতুন প্রজন্মের শিশু-কিশোরদের পবিত্র কোরআন শিক্ষা ও হিফজের প্রতি আরও উৎসাহিত করবে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
Author ·
Related Stories
Related Stories
First published 17 September 2026. Spotted an error? Read our corrections policy.



