নওগাঁয় ভুয়া ডিবি পরিচয়ে টাকা আদায়ের অভিযোগে দুইজন গ্রেপ্তার
Byনজিপুর নিউজ· Author
1 min read

নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর ইউনিয়নের কাদিমপুর গ্রামে ডিবি পুলিশের পরিচয় দিয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় আটকের পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
গ্রেপ্তাররা হলেন—বদলগাছী উপজেলার মো. সারোয়ার হোসেন অপু (৩২) ও মো. শামীম হোসেন (৩১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে কাদিমপুর গ্রামে ওই দুই ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের গ্রেপ্তারের ভয় দেখিয়ে টাকা দাবি করেন বলে অভিযোগ ওঠে। এ সময় তাদের কাছে থাকা একটি সোনালি রঙের মেডেল (পদক) ও হ্যান্ডকাফসদৃশ বস্তু দেখানো হয় বলে জানা গেছে।
বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের আটক করেন। পরে ৯৯৯ নম্বরে ফোন করা হলে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়। এ ঘটনায় কাদিমপুর গ্রামের জলিল সরদার বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেন।
এদিকে, স্থানীয় কয়েকজনের দাবি, গত প্রায় এক মাস ধরে একইভাবে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই ব্যক্তি এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে এসব অভিযোগের বিস্তারিত তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।
গ্রেপ্তার দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা, ভয়ভীতি প্রদর্শন বা অর্থ আদায়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা পুলিশ।
তথ্য সূত্রঃ নওগাঁ জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেইজ।
Author ·
Related Stories
Related Stories
First published 29 September 2026. Spotted an error? Read our corrections policy.



