নওগাঁর সাপাহার এক থানাই, দুই ওসি! বিপাকে জনতা
Byনজিপুর নিউজ· Author
1 min read

নওগাঁর সাপাহার থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদের দায়িত্ব হস্তান্তরে দীর্ঘসূত্রতার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ সেবাপ্রার্থীরা। নতুন ওসি থানায় উপস্থিত হলেও বিদায়ী ওসি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় সাময়িকভাবে থমকে গেছে থানার স্বাভাবিক প্রশাসনিক ও আইনি কার্যক্রম।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ের এক আদেশে সাপাহার থানার ওসি মিজানুর রহমানকে জনস্বার্থে জয়পুরহাট জেলায় বদলি করা হয়। তার স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব পালনের উদ্দেশ্যে নতুন ওসি শাহীন রেজা সাপাহার থানায় যোগদান করেন। তবে নতুন ওসি উপস্থিত হওয়া সত্ত্বেও বিদায়ী ওসি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় থানায় প্রশাসনিক অচলাবস্থা তৈরি হয়।
এর ফলে সাধারণ ডায়েরি (জিডি), দাপ্তরিক কাজ ও বিভিন্ন আইনি সেবা নিতে যাওয়া সেবাপ্রার্থীরা দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কাজ শেষ করতে পারেননি। সকাল থেকে দুপুর গড়িয়ে গেলেও কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
উপজেলার গাঞ্জাকুড়ি গ্রামের ষাটোর্ধ্ব মোকসেদুল ইসলাম জানান, সকাল ৯টায় থানায় গিয়ে দুপুর দেড়টা পর্যন্ত অপেক্ষা করেও ওসির অনুপস্থিতির কারণে কাজ সম্পন্ন করতে পারেননি। পুরাতন মুহুরি পট্টি এলাকার শিক্ষার্থী জারিফ জানান, একটি জিডি করার জন্য সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত থানায় বসে থাকতে হয়েছে। দুই ওসির দায়িত্ব হস্তান্তর না হওয়ার কারণে প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
সোর্সঃ আর টিভি নিউজ
Author ·
Related Stories
Related Stories
First published 9 September 2026. Spotted an error? Read our corrections policy.
