নওগাঁর পোরশায় সড়কে দড়ি ফেলে ডাকাতির প্রস্তুতি, ‘মুরগির’ বদলে হাজির ডিবি
Byনজিপুর নিউজ· Author
1 min read

নওগাঁর পোরশায় সড়কে দড়ি টাঙিয়ে পথচারীদের গতিরোধ করে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র, দড়ি ও মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে পোরশা থানাধীন শিশা বাজারের পূর্ব পাশে মাটিয়ান্দর সেতু এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্য এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল পোরশা এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মাটিয়ান্দর সেতুর কাছে সড়কে দড়ি টাঙিয়ে পথচারীদের কাছ থেকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে কয়েকজন।
খবর পেয়ে ডিবি পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা একটি মোটরসাইকেল ফেলে পাশের জঙ্গলে পালানোর চেষ্টা করে। পরে ডিবি সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন।
তাদের তল্লাশি করে দেলোয়ারের কাছ থেকে দেশীয় তৈরি তীক্ষ্ণ খাঁজকাটা লম্বা হ্যান্ডেল চেইন, নাইমের কাছ থেকে একটি দেশীয় তৈরি হ্যান্ডেল চেইন এবং মোস্তাকিমের শপিং ব্যাগ থেকে ২৫ ফুট দীর্ঘ একটি দড়ি ও একটি ছোট টর্চলাইট উদ্ধার করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পোরশা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে মামলা দায়ের করা হয়েছে।
Author ·
Related Stories
Related Stories
First published 20 September 2026. Spotted an error? Read our corrections policy.



