Skip to main content
Nazipur News
সারাদেশ

তেলের দাম বৃদ্ধির অযুহাতে লাউ ৩০ টাকা থেকে ১৫! নওগাঁয় সবজির দামে ধস”

Byনজিপুর নিউজ· Author

1 min read

Photo:

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর বিভিন্ন হাট-বাজারে হঠাৎ করেই কমে গেছে সবজির দাম। জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে জেলার বিভিন্ন হাটে কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা কম দরে সবজি কিনছেন বেপারীরা। এতে উৎপাদন খরচ তুলতে না পেরে চরম বিপাকে পড়েছেন সবজি চাষিরা।

বুধবার সকালে জেলার বদলগাছী হাটে গিয়ে দেখা যায়, চাষিদের কাছ থেকে প্রতিটি লাউ ১৫ থেকে ১৮ টাকা দরে কিনছেন বেপারীরা। অথচ মাত্র তিন দিন আগেও একই আকারের লাউ ২৫ থেকে ৩০ টাকা দরে বিক্রি হয়েছে বলে জানান চাষিরা।

শুধু লাউ নয়, অন্যান্য সবজির দামও উল্লেখযোগ্যভাবে কমেছে। বেগুন, পটল ও করল্লাসহ বিভিন্ন সবজি কেজিতে প্রায় ১০ টাকা পর্যন্ত কম দরে কিনছেন বেপারীরা। হঠাৎ করে দাম কমে যাওয়ায় হতাশ হয়ে পড়েছেন কৃষকরা।

বেপারীদের দাবি, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে সবজি পরিবহনে খরচ বেড়েছে। ফলে বাড়তি পরিবহন ব্যয়ের কারণে আগের দামে সবজি কিনে বাজারজাত করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।

তবে চাষিদের অভিযোগ, পরিবহন খরচ বৃদ্ধির বিষয়টিকে অজুহাত হিসেবে ব্যবহার করে একটি চক্র বাজার নিয়ন্ত্রণ করছে। সিন্ডিকেট করে কম দামে সবজি কেনায় তারা ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন।

চাষিরা বলছেন, জমিতে সবজি উৎপাদনে সার, বীজ, কীটনাশক, শ্রমিক ও সেচসহ প্রতিটি ক্ষেত্রেই খরচ বেড়েছে। এর মধ্যে উৎপাদিত সবজি যদি ন্যায্যমূল্যে বিক্রি করা না যায়, তাহলে কৃষকদের লোকসান গুনতে হবে।

তাদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বাজার মনিটরিং জোরদার করে সবজির ন্যায্যমূল্য নিশ্চিত করা প্রয়োজন। এতে একদিকে যেমন কৃষকরা উৎপাদন খরচের ন্যায্য মূল্য পাবেন, অন্যদিকে বাজারেও অস্বাভাবিক মূল্য ওঠানামা কমবে।

Share

Related Stories

First published 23 September 2026. Spotted an error? Read our corrections policy.