৩৪ বছরের কর্মজীবন শেষে বিদায়, ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন ‘শেফালি খালা’
Byনজিপুর নিউজ· Author
1 min read

নওগাঁ সদর উপজেলার ফতেপুর উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ ৩৪ বছর দায়িত্ব পালন শেষে অবসরে গেলেন বিদ্যালয়ের আয়া শেফালি বেগম। প্রিয় ‘শেফালি খালা’র বিদায়কে স্মরণীয় করে রাখতে তাকে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিদায়ী অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শেফালি বেগমকে ঘোড়ার গাড়িতে তুলে দেওয়ার সময় শিক্ষার্থীরা ফুলের পাপড়ি ছিটিয়ে তাকে বিদায় জানান। এ সময় অনেক শিক্ষক ও শিক্ষার্থী আবেগাপ্লুত হয়ে পড়েন।
অবিবাহিত শেফালি বেগমের নিজের কোনো সংসার বা সন্তান নেই। দীর্ঘ কর্মজীবনে ফতেপুর উচ্চ বিদ্যালয়ই তার আপন পরিবার হয়ে উঠেছিল। বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো স্নেহ ও যত্ন করতেন তিনি। শিক্ষার্থীদের টিফিনের খোঁজ নেওয়া, অসুস্থ হলে যত্ন করা এবং প্রয়োজনের সময় পাশে দাঁড়ানোর কারণে সবার কাছে তিনি হয়ে উঠেছিলেন আপনজন।
বিদায়ী অনুষ্ঠানে শেফালি বেগমকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। এছাড়া নগদ অর্থ ও বিভিন্ন উপহারসামগ্রী দিয়ে তাকে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফতেপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নূর-ই-আলম মিঠু। বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুল ইসলাম, পরিচালনা কমিটির সদস্য লিটন হোসেন, শিক্ষক ও শিক্ষার্থীরা।
সভাপতির বক্তব্যে নূর-ই-আলম মিঠু বলেন, শেফালি বেগম শুধু বিদ্যালয়ের একজন কর্মচারী ছিলেন না; দীর্ঘ ৩৪ বছরের নিষ্ঠা, দায়িত্ববোধ ও মমত্ববোধের মাধ্যমে তিনি প্রতিষ্ঠানের একজন গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিলেন। তার নিঃস্বার্থ সেবা ও শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা সবার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
বিদায়ী শেফালি বেগম বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার জন্য দোয়া কামনা করেন।
Author ·
Related Stories
Related Stories
First published 1 October 2026. Spotted an error? Read our corrections policy.



