নওগাঁর আত্রাইয়ে ছাগলে সিম গাছ খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধের মৃত্যু, মারধরের অভিযোগ
Byনজিপুর নিউজ· Author
1 min read

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে ছাগলে সিম গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে ইয়াছিন মন্ডল (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় একই গ্রামের মিম মন্ডল (২০)-এর বিরুদ্ধে ওই বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠেছে। তবে চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে নেওয়ার আগেই বৃদ্ধের মৃত্যু হয় এবং তার শরীরে প্রাথমিকভাবে আঘাতের দৃশ্যমান চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার মধুগুড়নই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন মন্ডল ওই গ্রামের গরিবুল্লা মন্ডলের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মিম মন্ডলের একটি ছাগল প্রতিবেশী ইয়াছিন মন্ডলের লাগানো সিম গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মিম মন্ডল ওই বৃদ্ধকে কিল-ঘুষি মারেন বলে অভিযোগ ওঠে। পরে ইয়াছিন মাটিতে পড়ে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
নিহতের পুত্রবধূ সমাপ্তি বেগমের দাবি, ইয়াছিনের চিৎকার শুনে তিনি বাড়ি থেকে বের হয়ে মিমকে তার শ্বশুরকে মারধর করতে দেখেন। একপর্যায়ে ইয়াছিন জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে সারোয়ার হোসেন বলেন, সকালে তারা আহসানগঞ্জ বাজারে ছিলেন। এ সময় মিম মন্ডলের ছাগল তাদের সিম গাছের পাতা খাচ্ছিল। বিষয়টি নিয়ে তার বাবার সঙ্গে মিমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মিম তার বাবাকে কিল-ঘুষি মেরে মাটিতে ফেলে দেন বলে তিনি দাবি করেন। তার অভিযোগ, বুকে আঘাতের কারণে তার বাবার মৃত্যু হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
তবে আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ খায়রুল আলম বলেন, বৃদ্ধকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। হাসপাতালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে তার শরীরে আঘাতের কোনো দৃশ্যমান চিহ্ন পাওয়া যায়নি।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সোমবার দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে। অভিযোগের বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।
Author ·
Related Stories
Related Stories
First published 5 October 2026. Spotted an error? Read our corrections policy.



