নওগাঁর মান্দায় শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে মাইকিং, গ্রেপ্তার ২
Byনজিপুর নিউজ· Author
1 min read

নিজস্ব প্রতিবেদক | নজিপুর নিউজ
নওগাঁর মান্দায় আগামী ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন—এমন ঘোষণা দিয়ে মাইকিং করার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাইকিংয়ে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য এক কিশোরকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মান্দা উপজেলার ১২ নম্বর কাশোপাড়া ইউনিয়নের রাজশাহী-নওগাঁ সীমান্তবর্তী এলাকায় সড়কে অটোরিকশায় মাইক লাগিয়ে ওই ঘোষণা প্রচার করা হয়। মাইকিংয়ের ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে গতকাল রাতে বিষয়টি নওগাঁ জেলা পুলিশের নজরে আসে। পরে জড়িতদের শনাক্ত করতে অভিযান শুরু করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শহিদুল ইসলাম শহীদ (৪৩) ও মো. আব্দুল জলিল সরকার (৫০)। পুলিশ জানায়, শহিদুল ইসলাম শহীদ কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং আব্দুল জলিল সরকার মান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। তাঁদের বিরুদ্ধে মাইকিংয়ের ঘটনায় সংশ্লিষ্টতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগের কথা জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মাইকিংয়ে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। পাশাপাশি অটোরিকশায় থাকা তারেক নামে এক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: পুলিশ
Author ·
Related Stories
Related Stories
First published 23 October 2026. Spotted an error? Read our corrections policy.



