মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই কমল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম
Byনজিপুর নিউজ· Author
1 min read

আন্তর্জাতিক বাজারে আবারও কিছুটা কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা ও সৌদি আরবকে লক্ষ্য করে হুতি গোষ্ঠীর হামলা অব্যাহত থাকলেও তেল সরবরাহে বড় ধরনের কোনো বিঘ্ন না ঘটায় বাজারে এর ইতিবাচক প্রভাব পড়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালের বাণিজ্যে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮১ সেন্ট বা প্রায় শূন্য দশমিক ৭৮ শতাংশ কমে ১০৩ দশমিক ০৬ ডলারে নেমে আসে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের অন্যতম প্রধান মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর দামও কমেছে। ব্যারেলপ্রতি ৮৯ সেন্ট বা প্রায় শূন্য দশমিক ৮৯ শতাংশ কমে ডব্লিউটিআইয়ের দাম দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৪১ ডলারে।
এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) সৌদি আরবের রাজধানী রিয়াদসহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর খবর পাওয়া যায়। এসব হামলার অন্যতম লক্ষ্য ছিল সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হামলায় ব্যবহৃত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে সক্ষম হয়েছে। ফলে তেল উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।
বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা সত্ত্বেও তেল সরবরাহ স্বাভাবিক থাকার ইঙ্গিত পাওয়া যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে সরবরাহ সংকট নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। এর প্রভাবেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম সামান্য নিম্নমুখী হয়েছে।
নজিপুর নিউজ | আন্তর্জাতিক
Author ·
Related Stories
Related Stories
First published 21 September 2026. Spotted an error? Read our corrections policy.



