Skip to main content
Nazipur News
নওগাঁ জেলার

নজিপুর বাসস্ট্যান্ডে শ্রমিকদের বিরোধের জেরে নওগাঁয় বাস-সিএনজি চলাচল বন্ধ

Byনজিপুর নিউজ· Author

1 min read

Photo:

নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাস ও এলপিজি গ্যাসচালিত সিএনজি শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে নওগাঁ জেলার অভ্যন্তরে বাস ও সিএনজি চলাচল বন্ধ রয়েছে।

গতকাল সন্ধ্যা থেকে জেলার বিভিন্ন রুটে গণপরিবহন চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিশেষ করে নজিপুর, পত্নীতলা, ছাপড়া ও আশপাশের এলাকার আন্তঃজেলা ও দূরপাল্লার যাত্রীরা পড়েছেন বিপাকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাস ও সিএনজি শ্রমিকদের মধ্যে বিরোধের একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এর পর থেকেই নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় বাস ও সিএনজি চলাচল বন্ধ হয়ে যায়।

গণপরিবহন বন্ধ থাকায় জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষসহ কর্মজীবী ও দূরপাল্লার যাত্রীরা বিকল্প যানবাহনের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন। এতে অতিরিক্ত ভাড়া ও সময়ের পাশাপাশি ভোগান্তিও বেড়েছে।

সর্বশেষ জানা গেছে, বিষয়টি সমাধানে আজ বিকেল ৫টার দিকে নওগাঁ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে বাস মালিক ও সিএনজি শ্রমিক পক্ষের প্রতিনিধিদের নিয়ে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৈঠকে বিষয়টির সমাধান হলে বাস ও সিএনজি চলাচল স্বাভাবিক হতে পারে বলে সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে।

তবে বৈঠকের সিদ্ধান্ত ও গণপরিবহন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত ঘোষণা পাওয়া যায়নি।

Share

Related Stories

First published 27 September 2026. Spotted an error? Read our corrections policy.